আমার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে পরাজিত বিএনপি প্রার্থী : ডা. প্রিয়াংকা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে পরাজিত বিএনপি প্রার্থী : ডা. প্রিয়াংকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
শেরপুর-১ (সদর) আসনে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেছেন পরাজিত বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ দাবি তুলে ধরেন।

অভিযোগে প্রিয়াংকা বলেন, আমার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। রিজিক টান দেওয়া হয়েছে। গোয়েন্দা টিম ও ডিজিএফআই পাঠিয়ে দেখুন কীভাবে আমার ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট দিতে দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিল না। জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু ফোন ধরেননি বা কেটে দিয়েছেন। ইউএনওকে বললে স্ট্রাইকিং ফোর্স পাঠানো হয়, কিন্তু ১০–১৫ মিনিটের মধ্যে চলে গেলে প্রতিপক্ষ পুনরায় একই কাজ চালায়।

প্রিয়াংকা বলেন, আমার মানুষগুলো যে কী পরিমাণ জখম হয়েছে, সব আমার ফোনে ভিডিও রেকর্ড আছে, আমি আপনাদের দেখাব।

তিনি আরও বলেন, ধানের শীষের প্রতীকে আমি শেরপুরে এ নিয়ে দুইবার নির্বাচন করলাম। আমার যখন ২৫ বছর তখন আমি ২০১৮ সালে নির্বাচন করেছিলাম। আমার বাবা তখন জেলে ছিল।

প্রিয়াংকা দাবি করেন, সার্ভে করলে দেখা যাবে আমি ভীষণ জনপ্রিয়। সারা দেশের মানুষ আমার জন্য কাঁদছে। এইভাবে প্রশাসন ব্যবহার করে ভোট ইঞ্জিনিয়ারিং করা আমরা চাইনি।

২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রিয়াংকা বলেন, ২০১৮ সালে তো নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। আমার গাড়িবহরে হামলা করা হয়েছিল এবং আমি ডিসি অফিসে প্রতিবাদ করেছি। সেই সময় আমার মা ও ভাইকে রক্তাক্ত করা হয়েছিল।

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৫ আগস্টের পরে তো আমরা এই বাংলাদেশ চায়নি যে একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে। এটা নিয়ে আমি অবশ্যই আদালতে যাব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ