আমি নিরাপরাধ আমার বিরুদ্ধে এসব মামলা মিথ্যা ও বানোয়াট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আদালতের উদ্দেশে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, আমি নিরাপরাধ আমার বিরুদ্ধে এসব মামলা মিথ্যা ও বানোয়াট।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবীর আদালত পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
বিচারপতি মানিকের বিরুদ্ধে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে।
এর আগে বুধবার সকাল ৮টার পর বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৭ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি। পরে সিলেট থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।
জনতার আওয়াজ/আ আ