আমি বঙ্গবন্ধুকন্যা দুর্নীতি করতে আসিনি: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বঙ্গবন্ধুকন্যা দুর্নীতি করতে আসিনি, মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আমরা ঘোষণা দিয়েছিলাম নিজেদের টাকায় পদ্মা সেতু করব, আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছি।
শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা মুজিব আদর্শে বিশ্বাস করি। ইসরায়েল দ্বারা যেমনই ফিলিস্তিনের ওপর হামলা করছে ঠিক তেমনই তারেক জিয়া লন্ডন থেকে হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। আগামী নির্বাচনে আল্লাহর রহমতে নির্বাচিত হলে তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। আর, ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ যখনই কাজ শুরু করেছে বিএনপি তখনই বাধা সৃষ্টি করেছে। তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সে জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আন্তর্জাতিকভাবে অনেকে জড়িত। নির্বাচনে জয়ী হলে লন্ডনে বসে বাসে আগুন দেওয়ার হুকুমদাতাকে ধরে এনে বিচার করা হবে। মানুষ পুড়িয়ে মারাই হচ্ছে বিএনপি-জামায়াতের আন্দোলন। তাদের হাত থেকে কেউই রক্ষা পায়নি।’
তিনি বলেন, ‘তারেকের মতো খুনি, লম্পটের কথা শুনে কেন তারা মানুষ মারে এটা তাদের কাছে আমার প্রশ্ন। এর জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক। নির্বাচন বানচাল করতে চায় তারা। তৃতীয় পক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। সারা বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ।’
এদিকে, আগামী ২ জানুয়ারি ফরিদপুর এবং ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শেষ হবে।
জনতার আওয়াজ/আ আ