আমেরিকা বলেছে তত্ত্বাবধায়ক নিয়ে তাদের মাথাব্যথা নেই: কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা বলে গেছে তত্ত্বাবধায়ক নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা জানিয়েছে এদেশের নির্বাচন হবে সংবিধান মেনেই।
বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপি নেতারা তাই অকথ্য ভাষায় কথা বলছে। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে এটাই তাদের জ্বালা। বিএনপির নেতারা আশার মালা গেঁথে বসেছিল কখন আসবে ইইউ, আমেরিকার প্রতিনিধি। কিন্তু তাদের কথা শুনে বিএনপি নেতাদের আনন্দ ম্লান হয়ে গেছে।
বিএনপি নেতাদের নির্বাচনে আসার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মানসম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। না হলে বাংলাদেশের মানুষ আপনাদের মানসম্মান রাখবে না। আগামী জাতীয় নির্বাচনে বাধা দেয়ার ক্ষমতা কারও নেই। বিএনপি যদি বাধা দিতে আসে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
তিনি বলেন, আজ ঢাকাবাসী বলে দিয়েছি তারা শেখ হাসিনাকেই চায়। পদ্মা সেতু, মেট্রোরেল উন্নয়ন তাদের সহ্য হয় না। এসব দেখে তারা বুঝে ফেলেছে নির্বাচনে কী হবে। পরাজয়ের কথা ভেবেই তাদের মন খারাপ। তাই পদযাত্রা থেকে হামলা করে, ককটেল মারে।
নেতাকর্মীদের কাদের বলেন, মন খারাপ থাকায় বিএনপি বিভিন্ন জায়গায় হামলা করেছে। গালিগালাজ করেছে। আপনারা মাথা গরম করবেন না। ওদের মাথা গরম। কিন্তু আমরা শান্তি চাই। শান্ত যত থাকবে, আমাদের জয় হবে। আমাদের মাথা গরম করলে চলবে না। আমরা ক্ষমতায়, আমাদের শান্ত থাকতে হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের সধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ