আমেরিকা শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে : কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ
বিএনপি আবারও বিদেশিদের সঙ্গে বৈঠক শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে। আমরাও গ্রহণ করেছি। পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের অনেক কথা হয়েছে। তিনি (পিটার হাস) একবারও নির্বাচন নিয়ে উদ্বেগের কথা বলেননি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।
রোববার বিকেলে মিরপুর-১৪ নম্বরে মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তাদের ১০ দফা, ২৭ দফা জনগণ আর বিশ্বাস করে না। জনগণ ছাড়া গণআন্দোলন সম্ভব নয়। আন্দোলনের জন্য তারা আগুন লাগানোর কৌশল বেছে নিয়েছে কিনা সেটাই তদন্ত করে দেখতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে আমরাও একমত, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড রহস্যজনক। তবে ইতিহাস বলে দেয় আগুন সন্ত্রাসের কর্মকাণ্ডগুলো বিএনপি করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, রোজা মুখে এত মিথ্যা কথা কীভাবে বলেন মির্জা ফখরুল? তিনি একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী। আওয়ামী লীগ দেশের জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করে, আর বিএনপি সামর্থ্যবানদের নিয়ে পার্টি করে। তাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য।
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নিয়ে বিএনপির অভিযোগ কীসের, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিল কেন?
তিনি আরও বলেন, বিএনপি চায় ক্ষমতা আর শেখ হাসিনা চায় মানুষের ভাগ্য উন্নয়ন। তারা জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে জয় পাওয়া সম্ভব নয়। তাই লন্ডন থেকে পলাতক দণ্ডিত আসামিরা অপকৌশলের আশ্রয় নিচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন জমাতে বিএনপি আগুন জ্বালানোর কৌশল বেছে নিলো কিনা সেটা এখন বড় প্রশ্ন। এই রহস্য অবশ্যই উদঘাটন করা হবে।
সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় সভাপতির নির্দেশনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেয়া হবে। সেজন্য প্রস্তুত থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আর বিএনপি সামর্থবানদের নিয়ে ইফতার পার্টি খায়। এই হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য।
মির্জা ফখরুল প্রতিদিন বাকশাল বাকশাল করেন। বাকশালের বিরুদ্ধে কথা বলে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কেন বাকশালে যোগ দিয়েছিল এর উত্তর দিবেন বাকশালের বিরুদ্ধে কথা বলার আগে।
মির্জা ফখরুল অনেক কিছু জানে না। গোপন যে হুকুম আসে লন্ডন থেকে- যারা পায় তারা জানে সেই পলাতক দন্ডিত আসামি কি অপকৌশলের আশ্রয় নিয়েছে!
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সামনে খারাপ দিন। ওরা জানে নির্বাচন হলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। সত্যিকারের নির্বাচন হলে আওয়ামী লীগের সঙ্গে জিততে পারবে না। তারা আন্দোলন করে দেখেছে। নেতাকর্মী ছাড়া জনগণ নেই। জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে। জনগণ মনে করে শেখ হাসিনা সৎ, পরিশ্রমী। বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চেয়েছিল। আজকে শেখ হাসিনা সেই বাংলাদেশকে সফল রাষ্ট্রে পরিণত করেছেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা জীবিত থাকতে, মুক্তিযুদ্ধের চেতনা জীবিত থাকতে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ