আ’লীগের নেতৃত্বেইভোটাধিকার হরণ করা হয়েছে : চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়েছিল ভোটাধিকারের প্রশ্নে। ভোটের অধিকার রক্ষার আন্দোলনই স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছিল। স্বাধীনতার ৫১তম বছরে এসেও বাংলার মানুষ ভোটের অধিকার বঞ্চিত, এর চেয়ে কলঙ্কজনক বিষয় আর কিছু হতে পারে না।
তিনি বলেন, লজ্জাজনক বিষয় হলো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই সেই ভোটাধিকার হরণ করা হয়েছে। এই কলঙ্ক আওয়ামী লীগের নেতৃত্বের জন্য লজ্জাজনক।
তিনি বলেন, বিদ্যুৎ খাতে সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে দেশের জনগণ কুইক রেন্টাল, উৎপাদন না করে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্ষমতাসীনদের মদদপুষ্ট মালিকদের ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা ও সিস্টেম লসের জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ায় এখন জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মূলত বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে জনগণ। জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়ানোর এ অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী ও অবিবেচনা প্রসূত। প্রতিমাসে দাম সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সঙ্গে খুচরা চালাকি।
আজ রোববার বাদ জোহর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় মজলিসে আমেলার প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কৃষিবিদ মুহাম্মদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদসহ অনেকেই।
চরমোনাই পীর বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে। জনগণের জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারের এ তুঘলকি সিদ্ধান্ত মড়ার ওপর খাঁড়ার ঘা। দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় ও প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে। তিনি বিদ্যুতের বর্ধিথ মূল্যের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
এদিকে কৃষিবিদ মুহাম্মদ আফতাব উদ্দিনকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ড. মাওলানা বেলাল নূর আজিজীকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছেন চরমোনাই পীর।
জনতার আওয়াজ/আ আ