আ'লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

 

‘পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না’ প্রধানমন্ত্রী এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশেষ করে এই সরকার তারা অত্যন্ত সচেতন ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের যে পুরানো লক্ষ্য এক দলীয় শাসন ব্যবস্থা সে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়।’

ফখরুল বলেন, ‘সেই লক্ষ্যে ২০১৪ সালে নির্বাচনকে সম্পূর্ণভাবে একটি প্রহসনে পরিণত করেছে, সেখানে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ তে আগের রাতে ভোট করে দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানে অংশগ্রহণ করেননি। এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ অংশগ্রহণ করছে না তথা ভোট দিতে যাচ্ছে না।’

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে দলের নতুন কমিটির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খুব সহজেই জনগণ বুঝে, গোটা বিশ্ব বুঝে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই কোন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না। জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই কারণে আজকে আওয়ামী লীগ এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’

তিনি বলেন, ‘এবার জনগণ জেগে উঠেছে আমরা বিশ্বাস করি জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে (সরকার) পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পরিষ্কার করে বলে দিয়েছি কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে যেখানে মেয়র নির্বাচন বা কমিশন নির্বাচন এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করে নেওয়া হয়েছে। দানবীয় একটি সরকার যারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ করে আজকে জোর করে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে রয়েছে।’

ফখরুল বলেন, ‘একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য এই সরকারের পদত্যাগের দাবিতে দাবিতে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন যেন সফল করতে পারে স্বেচ্ছাসেবক দল সেখানে যেন তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শহীদ হয়েছেন। ভোলাতে আব্দুর রহিমের আত্মত্যাগ যেন বৃথা না যায়। তাদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য তারা শপথ নিয়েছেন। আন্দোলনকে আরও তীব্র বেগবান করে তারা এই আন্দোলনকে সফল করবে। এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি সরকার তৈরি করবে জনগণের একটি রাষ্ট্র নির্মাণ করবে একটি গণতান্ত্রিক মুক্ত সমাজ এখানে বিনির্মাণ করবে।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফাত আলী অপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ