আ'লীগ কথিত শান্তি সমাবেশ ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় : ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ কথিত শান্তি সমাবেশ ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় : ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

 

পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে মাঠে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির বিদেশবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির দিনে আওয়ামী লীগ কথিত শান্তি সমাবেশ ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের (আওয়ামী লীগ) সেই শান্তি সমাবেশ হয় পুলিশ পাহারায়। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।’

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৪ মার্চ ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা হয়।

সরকারের সমালোচনা করে ইশরাক বলেন, ‘সরকার অনেক ফাঁদ পাতছে। আমরা আওয়ামী লীগের অতীত ইতিহাস জানি। আগুন সন্ত্রাস করে তারা বিএনপির ওপর দায় চাপাতে চান। মানুষ হত্যা করে আন্দোলন দমাতে চায়। আর কত মানুষ মারবেন? আপনাদের হাত তো রক্তে রঞ্জিত। আমরা প্রস্তুত আরও রক্ত দিতে। তবুও এ দেশ থেকে জালিম শাহী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।’

প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বলেন, ‘সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এতে ভয় পেয়ে সরকার উল্টাপাল্টা বলতে শুরু করেছে। তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যখন চূড়ান্ত আন্দোলন শুরু হবে, তখন তারা চোখে সরষে ফুল দেখবে। সময় থাকতে ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা পালানোর পথ পাবেন না।’

ইশরাক আরও বলেন, ‘আমরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি বলে আমাদের দুর্বল ভাববেন না। জনগণের কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু জনগণ যদি রাজপথ উত্তপ্ত করে তাহলে সে আগুনে আপনাদের মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে।’

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, ওমর নবী বাবু, সাবেক সভাপতি এম এ সাহেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ