আ'লীগ ক্ষমতায় থাকলে কোনো অধিকার আদায় হবে না : এনডিপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ক্ষমতায় থাকলে কোনো অধিকার আদায় হবে না : এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেছেন, শুধু শ্রমিক নয়, বর্তমান আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিরোধীদের কোনো অধিকার আদায় হবে না। ফলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে হটাতে হবে। সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই।

আজ সোমবার আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিপি শ্রমিক-জনতা সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।

এনডিপির সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুনের (সোহেল) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বীরপ্রতীক। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম একটি আশা-আকাঙ্ক্ষা নিয়ে, যা থেকে এই দেশ ও দেশের প্রশাসন অনেক দূরে। সরকার এখন আর জনগণের কথা ভাবে না, তারা যে করেই হোক ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতেই ব্যস্ত। এখন সময় এসেছে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে শ্রমিক-জনতার দাবি আদায় করে একটি সুখী সমৃদ্ধশালী মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে।

তিনি বলেন, আমাদের প্রিয় রাসুল (সাঃ) বলেছিলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিতে হবে কিন্তু এখন ঈদের আগে বেতন বোনাসের জন্য শ্রমিকদের রাস্তায় নেমে আন্দোলন করে মজুরি আদায় করতে হয়। যদি দেশে নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন হয় তবে ভোটাররা ঈমানদার প্রার্থীদের জয়ী করে মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে।

সোমবার শ্রম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিপি আয়োজিত শ্রমিক-জনতা সমাবেশ ও গণমিছিলে নেতৃবৃন্দ।
গাজীপুরে মেয়রে না থাকলেও কাউন্সিলরে লড়ছেন ২২ বিএনপি নেতা
এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, এই সরকার একটি গণবিরোধী সরকার। এই সরকারকে হটাতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে শ্রমিক-জনতা সমতার সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো অধিকার আদায় হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ মানুষ যেভাবে মানবেতর জীবনযাপন করছি তা আরও দীর্ঘস্থায়ী হবে। তাই সবাইকে একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।

এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন বলেন, ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলন এক দিনে হয়নি। দাবি আদায়ে শ্রমিকদের বছরের পর বছরের পুঞ্জীভূত আন্দোলন ও চেষ্টাই ১ মে চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। তাই আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠায় একসঙ্গে এই বছরেই রাস্তায় নেমে গণআন্দোলন করতে হবে। নতুবা আরও ৫-১০ বছর বা বেশি সময় এই শোষক সরকারের মাধ্যমে শোষিত হতে হবে। আমাদের কষ্টার্জিত অর্থ তারা বিদেশে পাচার করবেন আর আমাদের বৈদেশিক মুদ্রার অভাবে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ