আ'লীগ ক্ষমতা হারানোর ভয়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ক্ষমতা হারানোর ভয়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক এগারোর প্রেক্ষাপটে একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করা হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল। আওয়ামী লীগ সেটা গর্বের সাথে স্বীকার করেছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখছে, বিএনপির ভয়ে ভীত হয়ে পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।

সোমবার (৬ মার্চ) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবস উপলক্ষ্যে এর আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ খেতে পারে না, অন্যদিকে আওয়ামী লীগের সবাই এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। দেশকে খাদের কিনারায় পড়ে গিয়েছে। এই সরকারকে সরাতে না পারলে সংকট সমাধান সম্ভব নয়।’

তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে সংবিধান কেটেছেটে শেষ করে ফেলেছে সরকার, একে সংশোধন করতে হবে। মানুষ রাস্তায় নেমেছে, নিশ্চয়ই অতিদ্রুত এই সরকারকে সরানো হবে।’

তিনি আরও বলেন, ‘মামলা দিয়ে বিএনপিকে ঠেকাতে পারবে না। মানুষের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে তা সরকারকে সুনামির মত ভাসিয়ে নিয়ে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবার কোনো নির্বাচন এ দেশে হবে না। সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মিডিয়া বন্ধ করেছে। এখন বিএনপির এক মাত্র মুখপত্র দিনকাল বন্ধ করে দিয়েছে। তারা ১২৯টি অনলাইন বন্ধ করেছে। এর আগেও বিভিন্ন গণমাধ্যম বন্ধ করেছে, আবার এই প্রতিষ্ঠানগুলো তারাই কিনে নিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘মনে রাখতে হবে, তারেক রহমানকে গ্রেপ্তার করাকে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্দি করা। আজকে তারেক রহমানকে খলনায়ক বানাতে তার বিরুদ্ধে অপচার চালানো হচ্ছে। তার নেতৃত্ব নাই এই অপপ্রচার চালিয়ে জনগণ থেকে দূরে রাখতে চায়। আপনাদের (সরকার) আহ্বান জানাই তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। তিনি মানুষের কথা বলেন, মানুষের জন্য কাজ করছেন।’

সংগঠনের উপদেষ্টা ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্ত্বে আরও বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, জহির উদ্দিন স্বপন, কাদের গনি চৌধুরী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ