আ’লীগ গণঅধিকার পরিষদকে ১০টি আসন অফার করেছিল : ফারুক হাসান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ

ছবি: প্রতিনিধি
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আওয়ামী লীগ আমাদের ২০২৪ সালের নির্বাচনে ১০টি আসন এবং প্রতিটি আসনে ৩ কোটি করে টাকা অফার করেছিল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।
রোববার (১৫ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ে হরিপুরের মুন্নাটলী বাজারে ১৫ লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ফারুক হাসান আরও বলেন, বিগত ৪০ বছর ধরে ঠাকুরগাঁও-২ আসনে দৃশ্যমান উন্নয়ন হয়নি। ১০০ টাকা বরাদ্দ হলে ৯০ টাকা মেরে খেত নেতারা। আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়নে ৫০টি টিউবওয়েল ও ৫০টি অজুখানা স্থাপনের কাজ এরই মধ্যে শুরু করেছি।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে ৫ বছরের মধ্যে একটিও কাঁচা রাস্তা থাকবে না। আমি যা বলি তা করি। আমাদের ঠাকুরগাঁওকে বলা হতো আরেকটি বগুড়া। উন্নয়ন বৈষম্যের শিকার আমাদের এ জেলা। বিএনপি-জামায়াতের রাস্তা বলে এখানে অনেক রাস্তার কাজ করা হয়নি।
আ.লীগ গণঅধিকার পরিষদকে ১০টি আসন অফার করেছিল : ফারুক হাসান
সংস্কার ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয় : মুফতি আমির হামজা
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা মিলেমিশে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। মফস্বল থেকে এখন জাতীয় রাজনীতি করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কথা বলব।
তিনি আরও বলেন, কোনো এলাকার মসজিদে যদি টিউবওয়েল ও অজুখানা না থাকে তাহলে আমাকে জানাবেন। জনগণের কল্যাণে আমাদের সামাজিক ও মানবিক কাজ চলমান থাকবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল, ঠাকুরগাঁও জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জায়েদ, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কেরুল ইসলাম সুমনসহ গণঅধিকার পরিষদের নেতারা।
জনতার আওয়াজ/আ আ