আ’লীগ গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে গণতন্ত্র ও ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছে কর্তৃত্ববাদী আওয়ামী শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির উদ্যেগে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ সফল করতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল এবং প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে গণতন্ত্র ও ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছে কর্তৃত্ববাদী আওয়ামী শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। সরকার নির্বাচন নির্বাচন খেলার মাধ্যমে রক্ষক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে এমন এক খেলার আয়োজন করেছে যেখানে তারাই রেফারি তারাই খেলোয়াড় কোন প্রতিপক্ষ নেই। সুতরাং এখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোন সুযোগ নেই। যেখানে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মৌলিক অধিকার নেই, মানবাধিকার নেই ও বিচার বিভাগের স্বাধীনতা নেই সেখানে কিছুই নেই। কিসের উন্নয়ন কার উন্নয়ন! এই সরকারের উন্নয়ন জনগণের জন্য নয়, এই উন্নয়ন লুটেরাদের উন্নয়ন। হাবিবুল আউয়াল আপনি শপথ ভঙ্গ করেছেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এখন জনগণকে আতংকিত করছেন, ভয় দেখাচ্ছেন, আপনি শপথ ভঙ্গ করায় আমরা আপনার পদত্যাগ দাবি করছি। শেখ হাসিনা সরকারকে বলছি অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে দিন, জনগণ সিদ্ধান্ত নিবে আগামীদিনে রাষ্ট্র পরিচালনা কে করবে। অন্যথায় পৃথিবীর সব স্বৈরাচার যে পরিণতি ভোগ করেছে এই দুর্নীতিবাজ সরকার একই পরিণতি ভোগ করবে।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন- আওয়ামী লীগ সরকার নির্ধারন করছে এই নির্বাচনে প্রতিপক্ষরা কে কোথায় নির্বাচন করবে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করা দলগুলো তাদের দিকেই তাকিয়ে থাকে অতএব স্পষ্ট দলীয় সরকারের অধীনে নির্বাচন পাতানো নির্বাচন, জনগণের সাথে ভাঁওতাবাজির নির্বাচন। বাংলাদেশের জনগণ এই নির্বাচন প্রত্যাখান করেছে।
আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ।
উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন, আনোয়ার ইব্রাহীম, ফারুক হোসেন, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান লিটন, হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ