আ'লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ইতোমধ্যে আইসিইউতে চলে গেছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ইতোমধ্যে আইসিইউতে চলে গেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

নির্বাচনে না এলে বিএনপি আইসিইউতে যাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আইসিইউতে যাবে না আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ইতোমধ্যে আইসিইউতে চলে গেছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক ও গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। আজকেও তিনি যাবেন হাসপাতালে। তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তাকে নিয়ে বিভিন্নভাবে নাটক শুরু করেছেন। তাদের মন্ত্রীরা একবার বলে যে, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না। আরেকজন বলে যে, তার রাজনীতি করতে বাধা নেই।

তিনি বলেন, খালেদা জিয়া কারাগারেই থাকুক, জেলে থাকুক আর যেখানেই থাকুক তিনি অবশ্যই রাজনীতি করবেন। কারণ তিনি এদেশের জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের সবচেয়ে বড় মাতা। সুতরাং আপনাদের (সরকার) এই নিয়ে কথা বলার প্রয়োজন নেই। তার সিদ্ধান্ত তিনি নেবেন, দল নেবেন। আপনারা আগ বাড়িয়ে এসব…। আর এতো যদি চান তাহলে খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিন। তাকে দিয়েছেন ছয় মাসের সাজা স্থগিত।

ফখরুল বলেন, অগ্নিসন্ত্রাসের হোতা আওয়ামী লীগ নিজে, সরকার নিজে। অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে লাভ হবে না। সুশৃঙ্খলভাবে আন্দোলন এগিয়ে যাবে।

দেশ খাদের কিনারায় চলে আসছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বিদ্যুৎ গ্যাস জ্বালানির দাম বেড়েছে সেদিকে সরকারের খেয়াল নেই, তাদের দরকার শুধু টাকা। বিদ্যুৎ আমদানির নামে জনগণের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করা হচ্ছে৷

তিনি বলেন, জনগণের প্রতি এ সরকারের কোনো দায় নেই। ১৯১৪ সালে ১৫৪ জনকে বিনাভোটে সংসদ সদস্য বানিয়ে দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি ও বাম দলের লোক আছে।

সরকারকে পদত্যাগ করতে হবে এটিই একমাত্র লক্ষ্য জানিয়ে ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিনের হরতাল যখন করেছে তখন সংবিধানে ছিল না। সংকট সমাধানে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত বিএনপির ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে তারপর তারা মামলা নিয়ে বাণিজ্য করছে।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় দাবি এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, সেই কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে সে নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করবে।

মির্জা ফখরুল আরও বলেন, আগস্ট মাস থেকে আমরা যখন চাল-ডাল, তেল-লবণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে শুরু করেছি তখন থেকে তারা গুলি করে হত্যা করতে শুরু করেছে। আমাদের ১৭ জন নেতাকর্মী ও আন্দোলনকারীকে প্রকাশ্যে রাজপথে গুলি করে মেরেছে। ইতোমধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এখনো আমাদের কয়েক হাজার নেতাকর্মী জেলে রয়েছেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন? ভয় একটাই, সেটা আপনারা খুব ভালো করে জানেন, সেটা হলো নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এ বি এম মোশারফ হোসেন, জি এম সিরাজ, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হকসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ