আ’লীগ সরকারের পতন ঘটাতে পারে, এমন শক্তি নেই : হানিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ

আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে এমন রাজনৈতিক শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন আন্দোলন খেলা শেষ হয়ে গেছে, এটা আসলে তাদের ভাওতাবাজি। এই দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে।’
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে এই সরকার ও কমিশনের অধীনেই হবে। যেসব দলের সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।
তিনি আরও বলেন, শুরু থেকেই বিএনপির চরিত্র হলো নাশকতা করা। তবে এর ফল যে ভালো হয় না বিএনপি তা হাড়ে হাড়ে টের পেয়েছে। বিএনপি অতীতের মতো ভবিষ্যতে আর নাশকতা করার সাহস পাবে না। তাই বিএনপির ১০ দফা নিয়ে কেউ ভাবছে না। বিএনপির ১০ দফা বিএনপির কাছেই থাক।
বর্ধিত সভায় হানিফ ছাড়াও বক্তব্য দেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী।
জনতার আওয়াজ/আ আ