আ’লীগ সরকার ভিলেনের ভূমিকায়: সমমনা জোট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বন্দী রেখে, আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ডামি নির্বাচন করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে।
তিনি বলেন, সরকার নির্বাচনের নামে যে নাটক মঞ্চায়িত করছে তাতে সারাদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে। আগে সিনেমায় দেখতাম ভিলেন কিভাবে তার প্রতিপক্ষকে তার রাস্তা থেকে সরিয়ে দিতো। ভিলেনের কথায় রাজি না হলে তার ভিটেমাটি থেকে উচ্ছেদ করতো এবং দুনিয়া থেকে সরিয়ে দিতো। আজ আওয়ামী লীগ সরকার সেই ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তোপখানা রোড থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্ত্বর পর্যন্ত লিফলেট বিতরণ করেন সমমনা জোটের নেতারা।
ফরহাদ বলেন, ভিলেনদের শেষ পরিনতি ভালো হয় না। আওয়ামী লীগের পরিনতিও ভালো হবে না। এরা জানে আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। তাই যাওয়ার আগে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এদেশের জনগণ না খেয়ে মরে গেলেও তাদের কিছু আসে যায় না। তাই সকলকে বলবো, আসুন সবাই একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনপিপি নেতা নজরুল ইসলামসহ জোট নেতারা।
জনতার আওয়াজ/আ আ