আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৯, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৯, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
আমরা কেবল আসনের জন্য রাজনীতি করি না, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না।
সোমবার (৯ মার্চ) রাজধানীর মালিবাগে একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১২ দলীয় জোটের ঐক্যের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, আমরা জোটগতভাবে যখন বসেছি, তখন একটি কথাই বলেছি— আমরা শুধু আসনের জন্য আসিনি, জনগণের ভোটাধিকার ও অন্যান্য অধিকার কায়েমের জন্য এসেছি। আমরা কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা কখনও বেইমানি করব না। সস্তা কোনো সুযোগ-সুবিধা আমাদের পথভ্রষ্ট করতে পারবে না।
সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা চিরতরে বুকে ধারণ করে রাখব। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। তাদের একটাই স্লোগান ছিল— ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা সুবিচার চাই)। আমরাও সর্বক্ষেত্রে সুবিচার চাই। স্বজনপ্রীতি, দলপ্রীতি বা গোষ্ঠীপ্রীতি আমরা আর দেখতে চাই না।
ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন উপলক্ষে তিনি বলেন, মক্কা বিজয়ের মাধ্যমে যেমন বিনা রক্তপাতে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদেরও সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না।
দেশের চলমান সামাজিক অবক্ষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের কথা স্মরণ করেন।
তিনি আক্ষেপ নিয়ে বলেন, আজকেও দেশের একজন বরেণ্য ব্যক্তি আক্ষেপ করে বলেছেন— আমরা কবে মানুষ হব? সত্যিই আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে অমানবিকতা, তা থেকে বেরিয়ে আসতে হবে।
বিশ্বব্যাপী নিপীড়িত মানবতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যুদ্ধের কারণে চরম অস্থিরতায় দিন পার করছে। অনেকেই হয়তো ইফতার ও সাহরিতে সামান্য খাবারটুকুও পাচ্ছে না। মানবতার ওপর যারা জুলুম করছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। যেখানেই মানবতা লঙ্ঘিত হবে, আমরা সেখানেই মানবতার পক্ষে দাঁড়াব। ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে। আমাদের লড়াই কোনো নির্দিষ্ট দলের বিজয়ের জন্য নয়, এ লড়াই হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়ের জন্য।
জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব:) অলি আহমদ, পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, নেজাজী ইসলাম পার্টির মহাসচিব মুছা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নেক্সাস ডিফেন্স অব জাস্টিস এর সভাপতি ব্রিগেডিয়ার হাসান নাসির, হাসিনার আমলে গুম হওয়া কর্নেল হাসিনুর রহমান, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, ভিপি মজিবুর রহমান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ