‘আ.লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
৭ জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রহসনে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীর সদর হাসপাতাল থেকে শুরু করে জেলখানার মোড় হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী আইসক্রিমের মোড়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে সাধারণ জনগণের উদ্দেশ্যে আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ৭ জানুয়ারি আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তা যদি বন্ধ করা না হয়; তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে।
তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের সাথে এদেশের সাধারণ ভোটারদের কোনো সম্পর্ক নেই। তাই বিএনপির আহবানে সাড়া দিয়ে নির্বাচনের নামে সরকারের এই তামাশা জনগণ বর্জন করবে।
তিনি আগামী ৭ তারিখের নির্বাচন বর্জনের জন্য সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুগ্ন আহবায়ক আলহাজ্ব মন্টু খান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ