আ.লীগ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছে: জাগপা সভাপতি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ.লীগ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছে: জাগপা সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগ সম্প্রতি জাতীয় রাজনীতিকে বিনা উস্কানিতে রক্তাক্ত করে তুলেছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ মিছিল-সমাবেশের উপর প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিচ্ছে। তবে বিদায় বেলায় আওয়ামী লীগ ভয়ংকর খেলায় মেতে উঠেছে।

রোববার রাজধানীর আসাদ গেটের জিইউপি মিলনায়তনে জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সংকটময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক সভার আয়োজন করে জাগপার ঢাকা মহানগর শাখা।

দলটির ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সরকার, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুব জাগপা ঢাকা মহানগর উত্তর সভাপতি আনোয়ার হোসেন, জাগপা ঢাকা মহানগর নেতা আকবর হোসেন স্বপন, মো. নাদিম, মো. জাবেদ, মো. মোর্শেদ, মো. মিজান প্রমুখ।

তাসমিয়া প্রধান বলেন, সম্প্রতি বিরোধী মত দমনে চলছে গোলাবারুদ, লাঠি-সোটা এমনকি প্রকাশ্যে সশস্ত্র মহড়া। যার সীমাহীন তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ, ঘর-বাড়ীতে কোথাও নারীরা নিরাপদ নয়। তাই জাগপা মনে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য সরকার নব্য নীলনকশা তৈরি করছে। আওয়ামী অপশক্তির কাছে দেশ আজ রাজনৈতিকভাবে গভীর সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে।

তিনি বলেন, সুশাসনের জন্য রাষ্ট্র পরিচালনার প্রথম অঙ্গিকার হলো জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু গত ১৩ বছর ধরে দেশের জনগণ রাষ্ট্রীয় ও মৌলিক অধিকার গুলো ভোগ করতে পারেনি। বরং আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সকল প্রাতিষ্ঠানিক অঙ্গে নির্মম আঘাতের চিহ্ন দেওয়ালে দৃশ্যমান করেছে। যার কারণে রাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে অরাজনৈতিক ও একদলীয় শাসন ব্যবস্থা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ