ইতিমধ্যে আ' লীগের পতনের ঘণ্টা ভেজে উঠেছে : জোনায়েদ সাকি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইতিমধ্যে আ’ লীগের পতনের ঘণ্টা ভেজে উঠেছে : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১:৫৫ পূর্বাহ্ণ

 

ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ মিছিল বের করে। প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের করে গণতন্ত্র মঞ্চ। এরপর পল্টন মোড় ও বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে মিছিলটির সমাপ্তি ঘটে। মিছিলে গণতন্ত্র মঞ্চের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় দলীয় নেতাকর্মীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘ভোটচোর সরকার আর নয় দরকার’, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে ১১ই জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা তাদের পূর্ব ঘোষিত স্থান প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। সকাল ১১টা ১০ মিনিটে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সদস্য কামাল পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান বিজু ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর মানুষ ভোট দিতে পারে নাই। এই সরকার গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপর দমন-নিপীড়ন চালিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় আছে। তিনি বলেন, ২০১৮ সালের ৪ঠা নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সংলাপ ছিল। সেখানে প্রধানমন্ত্রী বললেন, এবারে মানুষের ভোট দিতে কোনো সমস্যা নাই। মানুষের কাছে দেয়া ওয়াদা তারা রাখে নাই। এই সরকার আজ ৪ বছর ধরে ওয়াদা ভঙ্গ করার মধ্যদিয়ে ক্ষমতায় আছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এই মোনাফেকি সরকারকে দিয়ে কি কোনো সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব? এজন্য আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। পদত্যাগের পরে আলাপ-আলোচনা করে একটি নির্বাচনকালীন অন্তবর্তী সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ইতিমধ্যে আওয়ামী লীগের পতনের ঘণ্টা ভেজে উঠেছে। গত দুইদিনে বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে, একইসঙ্গে আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে। যারা দেশ ধ্বংস করতে চায়, নাগরিকের অধিকার কেড়ে নিতে চায়। বাংলাদেশের নাগরিকরা এটা হতে দেবে না। সেই জন্য আমরা গণতন্ত্র মঞ্চ আওয়াজ তুলেছি। তিনি বলেন, মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন আর গুণ্ডা বাহিনী দিয়ে তারা ব্যালট বাক্স ভরেছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের ট্যাক্সের পয়সায় চলে, কিন্তু সরকার এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের ইতিহাসে এমন কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটেনি।

সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষ হতে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১১ই জানুয়ারি প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে। উল্লেখ্য, চিকিৎসার জন্য বিদেশে থাকায় সমাবেশে যোগ দিতে পারেননি গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

গণতন্ত্র মঞ্চের অন্যতম দল গণঅধিকার পরিষদ বিকাল ৩টায় তাদের কার্যালয়ের সামনে থেকে কফিন মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশটি বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পল্টন মোড় ও নাইটিঙ্গেল মোড় হয়ে তাদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ