ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কোনোদিন জয়যুক্ত হয়নি: ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কোনোদিন জয়যুক্ত হয়নি: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হলে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কোনোদিন জয়যুক্ত হয়নি। জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্রকারী মাথা নত করেছে। এমনকি মাথা নত করে পালিয়েছে। কাজেই আসেন আমরা ঐক্যবদ্ধ হই। সব ষড়যন্ত্রের জবাব ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে দেব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে জেলার শ্রীপুর উপজেলার মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আপনাদের সামনে সুযোগ এসেছে- আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য স্বার্থান্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোনো অবস্থাতেই তাদের জয়যুক্ত হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ‌কোনো অন্যায়, অবিচার, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি আর বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সুশাসন প্রতিষ্ঠা করে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করে যাবে।

সভায় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা হুমায়ুন কবির সরকার, আবু তাহের মুসুল্লি, শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাইয়া, জয়নাল আবেদীন রিজভী, খাইরুল কবির আজাদ, ফজলুল হক, আনোয়ার ব্যাপারি, মোসলে উদ্দিন মৃধা, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বেশ কয়েকজনের সদস্যপদ নবায়ন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ