ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার হুমকি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব হুমকি পান বলে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, তিন ঘণ্টার মধ্যে বিভিন্ন বিদেশি নম্বর থেকে তাকে ফোন করা হয়। এসব ফোনকলে তাকে হত্যা ও তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি ফেসবুক পোস্টে লিখেছেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সারসংক্ষেপ হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

আগামী ১৭ নভেম্বর হাসিনার রায় সম্পর্কে তিনি লেখেন, ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে শুধু আমার বাড়ি–ঘর নয়, প্রয়োজনে আমাকে জ্বালিয়েও দেওয়া হবে। ইনসাফের এই লড়াই থেকে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।’

হাদি লেখেন, ‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে দেশে হাজারো আবরারের জন্ম হয়েছে। একজন হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লাখো হাদি তৈরি করবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।’

পরিশেষে হাদি লেখেন, ‘আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।’

প্রসঙ্গত, ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া গতকাল নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে শাহবাগে ‘জনতার প্রতিরোধ’ কর্মসূচি পরিচালনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ