ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই: শাজাহান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই: শাজাহান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৩০০ আসনের ভোটেই ইভিএম চাওয়া হয়েছে বলেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। তিনি বলেন, ইভিএম নিয়ে ‘বিরোধিতার জন্যই বিরোধিতা’ করা হচ্ছে। যারা বিরোধ করছেন, সেসব দলও চায় ইভিএমে ভোটগ্রহণ হোক। এতে কারচুপির কোনো সুযোগ থাকবে না।

সোমবার (১ আগস্ট) সকালে মাদারীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান। এ সময় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ এবং অসহায়দের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

নির্বাচন কমিশন ৩০০ আসনেই ইভিএম দিতে পারবে কিনা- প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘আমরা মনে করি, এখনো নির্বাচনের যে সময় বাকি রয়েছে, এতে পুরো ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্ভব। সেভাবেই কমিশনকে কাজ করতে হবে।’

সরকার দলীয় শীর্ষ এ নেতা বলেন, ‘ইভিএমে ভোট হলে কোনো কারচুপির সুযোগ থাকবে না। ইতোমধ্যে যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে, সেখানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।’

বেশ কয়েকটি দল ইভিএমের বিরোধিতার বিষয় তিনি বলেন, ‘যারা এখন ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিরোধিতা করছেন, তারা ‘বিরোধিতার জন্যই বিরোধিতা’ করছেন। মূলত তারাও মনে প্রাণে চান, ইভিএমে ভোট হোক। আর কয়েকটি দলের বিরোধিতার আরেকটি কারণ হলো, তারা হয়তো নির্বাচনে আসবে না। তারা সুষ্ঠু পরিবেশকে ঘোলা করতে নানা ষড়যন্ত্র করছেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন─ মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ