ইরাকের কেমিক্যাল আলীর পর দেশে কেমিক্যাল কাদের সৃষ্টি হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

দেশে কেমিক্যাল কাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ইরাকের কেমিক্যাল আলীর কথা আমরা শুনেছি এখন বাংলাদেশে কেমিক্যাল কাদের সৃষ্টি হয়েছে। এই কেমিক্যাল কাদেরের দ্বারা শেখ হাসিনা দেশের কত মানুষকে যে শ্বাসরুদ্ধ করে হত্যা করবে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করবে এটার ইয়াত্তা নাই।
বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে মাথা ঠান্ডা করে দেয়া হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘ইরাকের একজন মন্ত্রীর নাম ছিল কেমিক্যাল আলী। মনে করা হতো তিনি ইরাকের প্রখ্যাত অস্ত্র সরবরাহের নিয়ন্ত্রণের দায়িত্ব ছিলেন। আজ বাংলাদেশের যত গুম খুন হত্যা, ক্রসফায়ারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত যে এই হাসিনা সরকার এবং তার মন্ত্রী নেতা কর্মীরা কাদেরের বক্তব্য এটাই প্রমাণ করে বিএনপির মহাসচিবসহ জাতীয় নেতাদের ওপর ইউরেনিয়াম ঢেলে দেওয়ার কথা বলা।’
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, ‘জাতীয় একজন নেতা কি করে এ ধরনের কথা বলতে পারেন। আপনি তো প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন কাদের সাহেব। ইউরেনিয়াম জাতীয় পদার্থ যেটা দিয়ে এটম বোমা বানানো হয় যেটার কারণে সারা বিশ্ব ধ্বংস হতে পারে সেই ইউরেনিয়াম পদার্থ বিএনপির জাতীয় নেতাদের মাথায় ঢেলে দিবেন?’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেত্রী বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী দুঃশাসন থেকে আজ তার চিকিৎসার অধিকার নাই। আজ তার বেঁচে থাকার অধিকার নাই। তাই প্রতিটি জায়গা থেকে পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী থেকে তাকে বাঁচানোর জন্য প্রতিধ্বনি উঠছে, অথচ শেখ হাসিনা এত দুর্বল এত পাষাণ তিনি সেটা শুনতে পাচ্ছেন না।
তিনি আরও বলেন, ‘বগুড়া জেলা এমন একটি জেলা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আজকের গণতন্ত্রের প্রতীক দেশ নায়ক তারেক রহমান ও স্বাধীনতার ঘোষকের স্ত্রী গণতন্ত্রের মাতা গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জেলা হচ্ছে বগুড়া জেলা। আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র ফেরানোর ভূমিকা পালন করে বগুড়া জেলার প্রতিটি মানুষ।’
এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ, জেলা বিএনপির সহ-সভাপতি মীর মোহাম্মদ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ