ইশরাক ইস্যুতে দায়িত্ব সম্পন্ন করেছে ইসি: সানাউল্লাহ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশরাক ইস্যুতে দায়িত্ব সম্পন্ন করেছে ইসি: সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের গেজেট ঘোষণায় আপিল বিভাগের অবজারভেশন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন প্রসেস শুরু হয় তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় ফল গেজেট আকারে প্রকাশের মাধ্যমে। এজন্য আমরা মনে করি নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু বহাল আছে, সেহেতু নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বুধবার (০৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, হাইকোর্ট এবং আপিল বিভাগ অবজারভেশনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে রায় দিয়েছে তা কমিশন সভায় বিশদভাবে আলোচনা হয়েছে। আপিল বিভাগ এখানে আমাদের ইসির স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন মেটার্স এস্টাবলিস্ট করেছেন এবং এখানে পাঁচটি ডিএলআর এর রেফারেন্স দিয়েছেন। আমরা ডিএলআর এর রেফারেন্স দেখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী ভারসেস ইলেকশন কমিশনের একটা ডিএলআর এর একটি রেফারেন্স দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে মাহমুদুল হক ভারসেস এনায়েত উল্লাহ ডিএলআর এর রেফারেন্স দেওয়া হয়েছে। এই ডিএলআর এর রেফারেন্সগুলোতে যেটা বলা আছে, নির্বাচন প্রসেস শুরু হয় তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় ফল গেজেট আকারে প্রকাশের মাধ্যমে। এজন্য আমরা মনে করি নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু বহাল আছে বিধায় নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ইশরাকের বিষয়টি আসলে তাহলে কী হবে, সে শপথ করতে পারবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইসির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পাবলিশ করা। শপথের ব্যাপারটি স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের আইনে পরিষ্কারভাবে বলা আছে, কারা এটা বাস্তবায়ন করবে। আমরা যেটা বলেছি, আমাদের চিঠির মাধ্যমে এখানে যদি কোনো আইনি জটিলতা না থাকে অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। যখন আমরা গেজেটটা করেছি, তার কাভার লেটারেই এটা দেওয়া আছে।

আবার কি স্থানীয় সরকার মন্ত্রণালয় বা আপিল বিভাগকে কোনো চিঠি দেবেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোনো প্রয়োজনই অনুভব করছি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ