ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: আল্লামা মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, রাজনীতিকে আমরা পবিত্র দায়িত্ব হিসেবে দেখি। চাঁদাবাজি, রাহাজানি ও অনৈতিক কর্মকা- থেকে মুক্ত ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপরিহার্য শক্তিতে পরিণত হয়েছে। আমরা ইসলাম ও দেশের জন্য সর্বোচ্চ কল্যাণকর ভূমিকায় অবিচল রয়েছি। জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ বাকি আসনগুলোতেও খুব শিগগির ঘোষণা আসবে।
রাজধানীর মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।
অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখুন। প্রশাসনের সঙ্গে সমন্বয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে কাজ করুন।”
সংগঠনের অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, বাংলাদেশে ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে খেলাফত মজলিস অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেন আরেকবার ক্ষমতায় আসতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজ, জুলুমবাজ ও পেশিশক্তিকে সমূলে দমন করতে হবে। বিগত নির্বাচনে অনৈতিক ভূমিকা পালনকারীদের প্রশাসন থেকে অপসারণ করতে হবে। সর্বোপরি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “সমমনা ইসলামি দলগুলোর ঐক্য সুসংহত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে এই ঐক্য আরও বিস্তৃত হবে ইনশাআল্লাহ। অধিবেশনে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়।
জনতার আওয়াজ/আ আ