ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখার: চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখার: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বাংলাদেশে এখন একটিমাত্র ইসলামি বাক্স আছে। সেটি হলো ইসলামী আন্দোলনের হাতপাখার বাক্স। আর কোনো দল ইসলামি বাক্স দাবি করার অধিকার রাখে না। তাই আমি আমার মা-বোনদের বলব, ভাইদের বলব, যুবকদের বলব, যারা নতুন ভোটার হয়েছেন তাদের বলব–তারা যেন প্রথম ভোটটি ইসলামের বাক্সে দেন।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ, হিজলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নিজে কোনো আসনে প্রার্থী হইনি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা কখনো ক্ষমতার রাজনীতি করিনি। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাদ নিতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি আদর্শ ও ইসলাম।’

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম জামায়াতকে ইসলামি দল হিসেবে ভোট দেওয়ায় আপত্তি জানিয়ে বলেন, ‘জামায়াত আজন্ম স্লোগান দিয়েছে–আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন তা বেমালুম ভুলে গেছে। তাদের ইশতেহারে ইসলাম নেই। তাই ইসলামপ্রত্যাশী কেউ তাদের ভোট দিলে প্রতারণার শিকার হবেন।’

৫৪ বছরে পাঁচবার দুর্নীতিতে
দেশকে কলঙ্কিত করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসভায় মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে; আমাদের অপমান করেছে’। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা আমাদের পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচ দল একসঙ্গে চলছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য। পথচলায় সেখানে এসে যোগ দিয়েছে জামায়াত। তার সঙ্গে আরও দু-একটা দল।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ