ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলাস্থ জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে দলের মহাসচিবের নেতৃত্বে সিনিয়র নেতারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে দুই-একটা সমস্যাগুলো মনে করেছি, সেটা আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
তিনি বলেন, আজ যখন ফেব্রুযারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, তখন আবার নতুন করে একটু ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আজ আমরা এখানে শপথ নিয়েছি। এই শপথের মধ্যদিয়ে বিএনপি এবং এর সমস্ত অঙ্গ-সংগঠন, দেশে যে শহীদ জিয়ার আদর্শ-সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, সেই শপথ আজকে আমরা এখানে নিয়েছি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন এবং হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ