ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা ছেড়ে যাবে ৬৯টি ট্রেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঈদযাত্রার তৃতীয় দিনে বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন ছাড়বে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন।
এদিন ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে নিজের রুমে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মো. শাহাদাত হোসেন বলেন, আজ নির্ধারিত সময়েই সব ট্রেন ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ট্রেনটি ৪৫ মিনিট দেরিতে যাত্রা শুরু করে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিল, তাই নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হয়।
স্টেশন ম্যানেজার আরও জানান, যাত্রীদের সুবিধার্থে ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া, বৃহস্পতিবরা (২৭ মার্চ) থেকে বিশেষ ট্রেন চালু হবে।
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে টিকিট যাচাই ও চেকিং ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।
এদিকে, সকালে ঢাকা রেলস্টেশনে বিপুল যাত্রীর ভিড় দেখা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।
জনতার আওয়াজ/আ আ