ঈদযাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে: সড়ক উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদযাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে: সড়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১২ মে) ঢাকার আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক-মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য সভা শেষে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

সড়ক উপদেষ্টা আরও বলেন, ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে চাঁদাবাজি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি সার্বক্ষণিক মনিটরিং করবে। এ সময় যানজট এড়াতে কোরবানির পশুর হাট সড়ক ও মহাসড়ক থেকে দূরে স্থাপন করা হবে এবং বেপারিদের আর্থিক সুরক্ষার জন্য হাটে ব্যাংক বুথ থাকবে বলে জানান তিনি।

সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে দুর্ঘটনাপ্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা থাকবে এবং দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদের তিন দিন আগে অর্থাৎ ৪-৬ জুন এবং ঈদের ছুটি শেষ হওয়ার তিন দিন আগে অর্থাৎ ১২-১৪ জুন (জরুরি সেবা ব্যতীত) সড়কে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। সবশেষে সড়ক উপদেষ্টা অতিরিক্ত ভাড়া আদায় রোধে, টিকিট কালোবাজারি, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং এবারের ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ