ঈদের ছুটি কাটিয়ে এবার কর্মস্থলে ফেরার পালা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের ছুটি কাটিয়ে এবার কর্মস্থলে ফেরার পালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঈদের ছুটি কাটিয়ে এবার কর্মস্থলে ফেরার পালা। ছুটির শেষে তৃতীয় দিনে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। তবে তেমন ভিড় নেই, স্বাচ্ছন্দ্যেই ফিরছেন সবাই।

সোমবার (২৪ এপ্রিল) সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে ও বিভিন্ন বাস কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। কাউন্টার সংশ্লিষ্টদের দাবি- বিকেল নাগাদ ঢাকায় ফেরা মানুষের ভিড় বাড়তে পারে।

সরকারি ছুটি শেষ হওয়ায় আজ (২৪ এপ্রিল) থেকে অফিস শুরুর কথা রয়েছে। এ জন্য অনেকে সোমবার (২৪ এপ্রিল) অফিসে হাজিরা দিতে আগেভাগেই রাজধানীতে এসেছেন।

এ দিন সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, উত্তরের জেলাগুলো থেকে দূরপাল্লার বাসগুলো ঢাকায় ঢুকছে। জীবিকার তাগিদে ঢাকায় ফেরা এসব যাত্রীদের অনেকেই প্রথমে বাস থেকে নেমে কাউন্টারে কিছু সময় বিশ্রাম নিচ্ছেন। আবার কেউ কেউ বাস থেকে নেমেই রওয়ানা দিচ্ছেন বাসায় উদ্দেশে।

নাটোর থেকে সকাল সাড়ে ৭টায় বাস থেকে নামেন সরকারি চাকরিজীবী সুমন মিয়া । বলেন, ‘ছুটি শেষ হওয়ায় দ্রুত চলে আসলাম। এবার বাড়তি ছুটি পাইনি। তাছাড়া আমরা না আসলে মানুষদের সেবা দেবে কে?’

এদিকে, গাবতলীর হানিফ পরিবহনের কাউন্টারে কর্মরত রাসেল সংবামমাধ্যমকে বলেন, সকাল থেকে লোকজন ফিরছে। তবে খুব কম। সরকারি ছুটি আজ শেষ হলেও মূলত আগামীকাল (২৫ এপ্রিল) থেকে ঢাকামুখী মানুষের ঢল নামবে।

একই কথা জানিয়েছেন শ্যামলী কাউন্টারের কর্মী জয়নাল। তিনি জানান, সকালে তাদের কয়েকটি গাড়ি যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে, আরও আসছে। উত্তরের জেলা বিশেষ করে রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় থেকে বাসগুলো ছেড়ে আসছে। দুপুর নাগাদ আরও যাত্রী নিয়ে পথে থাকা বাসগুলো ঢাকায় ঢুকবে বলেও জানান তিনি।

অন্যদিকে, সোমবার সকালে গাবতলীতে যাত্রীর জন্য সিএনজি নিয়ে অপেক্ষা করতে দেখা যায় জামানকে। সকাল ৭টায় এসেছেন, কিন্তু ৮টা পর্যন্ত কোনো যাত্রী পাননি। তিনি বলেন, সকালে অনেকেই এসেছেন কিন্তু সেই সংখ্যা কম। অন্য বছরগুলোতে ঈদের তৃতীয় দিনে অনেক লোক ঢাকায় ফেরে কিন্তু এবার গাবতলীর সড়কে দীর্ঘসময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছি না।

উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল ফিতরের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে যুক্ত হওয়া ২০ এপ্রিলের ছুটিসহ টানা পাঁচ দিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে আজ (২৪ এপ্রিণ) থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ