উন্নয়নের আবরণ ছিঁড়ে বের হচ্ছে ‘জরাগ্রস্ততা’: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মোড়কের ভেতরটা ছিল ফাঁপা। এই ধরনের পরিস্থিতি সরকারের অসৎ অনাচারের সারাংশ মাত্র।
তিনি বলেন, ‘দুর্নীতি, নীতিহীনতা ও স্বজনপোষণের অবাধ সুযোগ করে দিয়ে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এখন মোড়কের আবরণ ছিঁড়ে আস্তে আস্তে বের হচ্ছে জরাগ্রস্ততার কাঠামো।’
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটির সরকারি সিদ্ধান্তকে নজীরবিহীন মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকার প্রকৃত শিক্ষা বিরোধী সরকার। এরা পরীক্ষায় নকলকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছে। সুতরাং শিক্ষার্থীদের শিক্ষা জীবন সম্পর্কে এরা উদাসীন বলেই দুইদিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘লোডশেডিংকে যাদুঘরে পাঠিয়েছেন বলে আওয়ামী নেতা ও মন্ত্রীরা জাতির সামনে যে নর্তন-কুর্দন করেছেন সেটির বিষাদময় পরিণতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাজধানীসহ শহরগুলোতে ৫/৬ ঘণ্টা লোডশেডিং তো থাকছে, কিন্তু গ্রামের মানুষ রাতের বেশিরভাগ সময় অন্ধকারে নিমজ্জিত থাকে। দিন-রাত মিলে বিদ্যুতের দেখা পাওয়া দুস্কর।
বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের পরিস্থিতি যে ক্রমান্বয়ে শ্রীলঙ্কার পরিণতি বরণ করতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেশের জনশক্তি ও গার্মেন্টস রপ্তানীতে নিম্মমুখী প্রবণতা প্রকট হয়ে উঠেছে। রেমিটেন্স কমতে শুরু করেছে। অফিস-আদালতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ওষুধের দোকানও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মানবতার অস্তিত্বকেও তারা এখন ঝুঁকির মধ্যে ফেলেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘এরা জনস্বার্থকে তাচ্ছিল্য করতে কোন দ্বিধা করে না। জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা না করেই নিত্যপণ্যের দাম জ্যামিতিক হারে বৃদ্ধি করছে। আজও সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। এরা ক্ষমতায় নেশায় আচ্ছন্ন অপরাধপ্রবণ একটি দল। গণধিকৃত একটি দল বলেই এরা খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে কোন তদারকি করে না। এরা ন্যায়নীতির কোন তোয়াক্কা করে না বলেই জনগণের ক্রয়ক্ষমতাকে বিবেচনায় নেয় না। সর্বত্রই সিন্ডিকেটের মাধ্যমে নিজ দলের লোকজনদের বিপুল অংকের টাকা লুটের সুযোগ করে দেয়। অগণতান্ত্রিক ও গণবিরোধী রাষ্ট্রে কালোবাজার, কালোপূঁজি ও কালো সিন্ডিকেটের ওপর নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা থাকে না।
রিজভী বলেন, ‘এই নব্য বাকশালীদের আমলে গণমাধ্যমের গলায় এমনিতেই ফাঁসির দড়ি ঝুলছে। এখন সেই ফাঁসির দড়িতে টান দেয়ার জন্য নানা ধরনের কালাকানুনের অন্ত নেই। মন্ত্রীপরিষদ সাংবাদিকদের জরিমানার বিধান রেখে আবারও নতুন করে আইন অনুমোদন করেছে। এটি মূলত: সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করারই আরেকটি পদক্ষেপ। আওয়ামী লীগের ঐতিহ্যে নিজ দেশের প্রতিপক্ষ দল ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা বলে কিছুই নেই। এরা কর্তৃত্ববাদী শাসনের বরপুত্র। এরা কখনোই একটি বহুমাত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের বিকাশকে সহ্য করেনি। তাই স্বাধীনতার পর থেকেই এদের হাতে সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশ চরম দলন-পীড়ণের শিকার হয়।
সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল (সংশোধন) আইন মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে সেটির বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করে বলেন,’ গতকাল বিএনপি’র প্রচার সম্পাদক, লক্ষীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ৪০টি মোটরসাইকেল নিয়ে দুর্ধর্ষ ডাকাতির কায়দায় হামলা চালায়। বিএনপির এ নেতাকে বাসায় না পেয়ে তার ভাই ও ছেলেসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সন্ত্রাসীরা বাসার মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। আওয়ামী সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
“এছাড়াগতকাল দেশব্যাপী বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। ঢাকার কেরানীগঞ্জ (দক্ষিণ) শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১০/১২ জন নেতাকর্মীকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি’র একটি মার্কেটেও ব্যাপক ভাঙচুর চালায়।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করলে ৫/৬ জন গুরুতর আহত ও শতাধিক নেতাকর্মী আহত, ৫০টির অধিক মোটরসাইকেল ভাঙচুর ও ১৫/২০টি মোটরসাইকেল আটক করে।”
তিনি আরও অভিযোগ করে বলেন,‘মেহেরপুর জেলাধীন গাংনীতে ছাত্রলীগ বিএনপি অফিসে হামলা ও বিএনপি নেতা কমরেড নাসির, মন্টু, যুবদল নেতা সাইদুল, এনামুল, চপল, রুবেল পারভেজ, শমসের, তমসের আলী, স্বেচ্ছাসেবক দল নেতা এডাম ওরফে সুমন, জামাল, রুবেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ নোয়াখালীতে বিএনপি নেতা ভিপি জসিম উদ্দীন, যুবদল নেতা রায়হান, ডা. মাঈন উদ্দিন, ছাত্রদল নেতা মাজেদুল কবির মুন্নাা, রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান,যুগ্ম-সচিব খায়রুল কবির খোকন,হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ