‘উল্টো পাল্টা কথা বললে বিএনপি নেতাদের মুখে টেপ লাগিয়ে দেব’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, উল্টো পাল্টা কথা বলবেন না, তাহলে মুখে টেপ লাগিয়ে দেব। যারা এতদিন রাজপথে নামার সাহস পায় নাই। তারা আজকে শুধু সাহসই করে নাই, তারা কি বলছে শোনেন ‘৭৫’র হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’। বঙ্গবন্ধুর বাংলায় শেখ হাসিনা সরকারের সময় এ ধরনের কথা বলে, আমরা তবু বসে আছি।
রবিবার ( ৫ জুন) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমি ফখরুল সাহেবকে বলতে চাই, ৭৫ এর হাতিয়ারগুলো কই রাখছেন? এ হাতিয়ারগুলো বাহির করতে হবে। এই হাতিয়া দিয়ে শেখ হাসিনাকে, বাংলাদেশের গণতন্ত্রকে, দেশের স্বাধীনতাকে হত্যা করতে চান। এই অবৈধ অস্ত্র পুলিশের হাতে তুলে দিতে হবে। তা নাহলে এই অস্ত্র কোথায় আছে তা বাহির করার ক্ষমতা আওয়ামী লীগের আছে।
তিনি বলেন, ফখরুল ভাইয়েরা অস্ত্র কোথায়? কোথায় প্লান করেছেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য? আওয়ামী লীগকে শেষ কারার জন্য, স্বাধীনতাকে শেষ করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার জন্য। এই অস্ত্র অবিলম্বে পুলিশের হাতে তুলে দিতে হবে। তা নাহলে পালাবার পথ পাবেন না৷
আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনারা (বিএনপি) আবার একটা ৭৫ সৃষ্টি করতে চান, আপনারা কারা। আপনারা খুনি, আপনারা ৭১’র খুনি ৭৫’র খুনি, আপনরা জেল হত্যার খুনি। এই সুযোগ আর দেওয়া হবে না। আপনারা তো ৭৫ খুনি, সব খুনি আপনাদের দলে।
আওয়ামী লীগের নেতাকর্মী সর্তক থাকার আহ্বান জানিয়ে মায়া বলেন, এখন আর ঘুমাবার সময় নাই। এতো বছর ঘুমিয়েছেন। এখন জাগ্রত হতে হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জাগ্রত হয়ে মাঠে থাকতে হবে। বিএনপিকে প্রতিহত করার মধ্যে দিয়ে দুইটা কাজ করতে হবে। একটা হলো শেখ হাসিনাকে যারা হত্যা করতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আরেকটা হলো আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখ পদ্মাসেতুর উদ্বোধন হবে নৌকাকে বিজয় করার আরেকটা ইতিহাস। দেশের মানুষ অপেক্ষায় আছে কবে আসবে ২৫ তারিখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত আবারও ষড়যন্ত্র করতে মাথাচাড়া দিয়ে ওঠতে চাচ্ছে। এরা হলো বিষধর সাপ, যেকোনো মূহুর্তে সুযোগ পেলেই তারা ছোবল দিবে। এদেরকে কোনো ছাড়া দেওয়া হবে না। এই বিএনপি জামায়াত থেকে সর্তক থাকতে হবে। বিএনপি জামায়াত যদি দেশে মধ্যে কোনো ষড়যন্ত্র করে তাহলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন ও হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
বর্ধিত সভায় থানার নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ মশিউর রহমান মোল্লা সজল, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি চিত্র রঞ্জুন দাসসহ বিভিন্ন থানা- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং কটুক্তির প্রতিবাদে ১০ জুন বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
জনতার আওয়াজ/আ আ