ঋণের কিস্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আইএমএফ সদর দপ্তরে দুটি টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্ব ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
ঋণের পরবর্তী কিস্তি আইএমএফ স্থগিত করেছে এ তথ্যের সত্যতা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এখনও সে পর্যন্ত আলোচনা যায়নি, আলোচনা চলছে। ঋণের কিস্তির ব্যাপারে আইএমএফের হ্যাঁ বা না কোনো এক ঘণ্টার সিদ্ধান্ত নয়। এ বিষয়গুলোর সমাধান আলোচনার মাধ্যমে আসবে, এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনার মধ্যে দিয়ে সমাধানও হবে আবার কাজও চলতে থাকবে।
এ সময় বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বেশ পজিটিভ আলোচনা হয়েছে। এ ছাড়া অন্য যে বিষয়গুলো আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নেই।’
মন্ত্রী বলেন, ‘আইএমএফের বিভিন্ন উইংস যেমন আইএফসিসহ যে সমস্যাগুলো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরে রয়েছে সেগুলো সমাধানে তারা পদক্ষেপ নিতে চান।’
তবে এর মধ্যে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অনেকগুলো ইস্যু সমাধান করেছি, কয়েকটি এখনও আলোচনার মধ্যে আছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই ইস্যুগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। তারপর সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। এটি আসলে একটি চলমান প্রক্রিয়া। তবে যে বিষয়গুলো এখনও সমাধান হয়নি সেগুলো নিয়ে আলোচনা চলবে।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, সবাই বিএনপির নির্বাচনী ইশতেহারের ব্যাপারে ঐকমত্য হয়েছে, সমর্থন জানিয়েছে।’
দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা প্রোগ্রাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী। কারণ এখানে সকলেই বাংলাদেশের নতুন সরকার ও নির্বাচনী ইশতেহারের ব্যাপারে অ্যালাইনড। তার আমাদের সমর্থন জানিয়েছে।’
জনতার আওয়াজ/আ আ