এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।
রবিবার (২৬ নভেম্বর) বেলা সকাল সাড়ে ১০টা ৫০ মিনিটে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফলাফল প্রকাশ করেন। শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারছেন। এছাড়া এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাচ্ছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা ৩.৮১ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ছাত্রীদের পাসের হার ধারাবাহিকভাবে বাড়ছে। আগে তারা পিছিয়ে থাকলেও এখন ছেলেদের তুলনায় এগিয়ে যাচ্ছে। যারা ফেল করেছে তার হতাশ না নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের বকাঝকা না করে সহানুভূতি দেখাতে হবে। উৎসাহী করতে হবে। এতে তারা আরও ভালো ফলাফল করবে।
এ সময় ছেলেদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ছেলেদের বলছি, তোমরা বেশি বেশি পড়াশোনা করো। এতে এগিয়ে যেতে পারবা।’ তিনি আরও বলেন, দেশে বর্তমানে শিক্ষার হার ৭৬ দশমিক শূন্য ৮ শতাংশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ৪৫ শতাংশ থেকে এ পর্যায়ে এসেছে। এ সময় সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
এর আগে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
এইচএসসির ফল দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে তাঁদের ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।
তাছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৬৫৮টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি। এর আগে ২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।
জনতার আওয়াজ/আ আ