এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর: জুমা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর: জুমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা।

তিনি ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে জয় লাভ করেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম। তিনি পেয়েছেন ২ হাজার ৪৭০ ভোট।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় জুমা বলেন, এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। খোদা আমাদের যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও ।

এর আগে শিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন। সেসব ভিডিওর নিচে অবশ্য ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এদিকে, ডাকসুর চূড়ান্ত ফলাফলে ভিপি ও জিএস, এজিএস তিনটি পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ