এই সরকারের কাছে নিরাপত্তা বোধ করছি না: মাহমুদুর রহমান মান্না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সরকারের কাছে নিরাপত্তা বোধ করছি না: মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের অসহায়ত্বের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেছেন, অল্পদিনের মধ্যেও যা যা দেখছি তাতে তো এই কথা বলবার আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে নিরাপত্তা বোধ করছি না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকাস্থ সাবেক চবিয়ানদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন কেঁদে কেঁদে সবার কাছে আহ্বান জানাচ্ছেন। আমরা অসহায়, আমাদের সাহায্যে এগিয়ে আসেন। আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কান্নাকাটি করছেন। আমি খুবই দুঃখিত, নিদারুণ মর্মাহত, আমি এর বিচার দাবি করছি। কার কাছে আইনমন্ত্রী বিচার দাবি করে? এ রকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ? অল্পদিনের মধ্যেও যা যা দেখছি তাতে তো এই কথা বলবার আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে নিরাপত্তা বোধ করছি না।

তিনি বলেন, পরশু সন্ধ্যায় যখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করতে পারতো। হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পর্যন্ত মনে করেনি ব্যাপারটা এতদূর গড়াতে পারে।

তিনি আরও বলেন, দুইজন শিক্ষার্থী আইসিইউতে আছে, জীবনের সঙ্গে লড়াই করছে। সকালবেলা যখন আমি খোঁজ নিতে ফোন করলাম তখন আমাদের সংগঠনের ওখানে যিনি আছেন তিনি বললেন, এই দুইজনের জীবনের আশঙ্কা আছে, মারাও যেতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাইতে বেশি করে দেশের যারা কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করি, এই দুই ছাত্র যদি মারা যায় তার দায় কে নেবে?

মান্না বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকেছেন। আইনশৃঙ্খলা বাহিনী আসেনি। কোনো ব্যবস্থা করা গেল না। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে ফোন করতে হল। তারপরে আর্মি আসলো। এটা কি দেশ? এই ১৩ মাসে আমরা তৈরি করলাম।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মান্না বলেন, গতকালকে পতিত স্বৈরাচারের লোকজন রাপা প্লাজা থেকে মিছিল বের করেছে, শংকর পর্যন্ত গেছে। কোনো পুলিশ নাই, কেউ নাই। পুলিশের ওসিকে জিজ্ঞেস করেছে, কী ব্যাপার, আপনারা আসলেন না কেন? বলে, আমরা গেছি কিন্তু যাবার পরে দেখি তারা সব চলে গেছে। পথের মধ্যে পাঁচটা-ছয়টা ককটেল ফুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই।

মান্না অভিযোগ করে বলেন, একটার পর একটা বিশ্ববিদ্যালয় এলাকায়, অন্যান্য এলাকায় বড় বড় সংকট তৈরি করে কি শেষ পর্যন্ত সমগ্র জাতির সামনে একটা অন্ধকার অমানিশা তৈরি করবার চেষ্টা করছেন? একটা সংশয় তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে সবাইকে ডাকেন, ডেকে বলেন।

জুলাই সনদ প্রসঙ্গে মান্না বলেন, জুলাই সনদটা কি হবে? তারা বলেছেন তিন-চার দিনের মধ্যে সেই সনদ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সনদ সবাই গ্রহণ করতে পারবে কি পারবে না সেটাও আমাদের দেখার বিষয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ