একটাই স্লোগান তা হচ্ছে, সকল সমস্যার সমাধান হাসিনা সরকারের অবসান: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান সময়ে দেশের মানুষের একটাই স্লোগান তা হচ্ছে, সকল সমস্যার সমাধান হাসিনা সরকারের অবসান।
শনিবার (২১ জানুয়ারি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, কেরানীগঞ্জ মডেল উপজেলার সাধারণ সম্পাদক হাসমতউল্লাহ নবী সহ ঢাকা জেলা বিএনপির ১০টি ইউনিটের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটি আয়োজন করা হয়।
আলাল বলেন, মুক্তি কার কাছে চাইবো? সারা বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছে। ২০০৯ এ পিলখানা থেকে শুরু করে, সাভারের রানা প্লাজা ধ্বস নামিয়ে মানুষ হত্যা করেছে। হলি আর্টিজানে মানুষ মেরেছে। এর আগের ক্ষমতায় থাকতে রমনার বটমূলে মানুষ মেরেছে। কোনো একটা ঘটনা আপনারা (আওয়ামী লীগ) শান্তিপূর্ণভাবে সমাধান করেন নাই। আপনাদের আমলে এদেশের জনগণ নিরাপদ নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, মাঝে মাঝে নিজের দলের নেতাকর্মীদের উপর রাগ করে ওবায়দুল কাদের মঞ্চ থেকে নেমে যান। তার দলের নেতাকর্মীরা তার কমান্ড শুনে না। নিজের দলের নেতাকর্মীরা কমান্ড শুনে না অন্য দলকে নিয়ে নসিহত করেন। দেশের সমস্যা সমাধান করতে পারেন না। বড় বড় কথা বলেন। তাই দেশের মানুষের একটাই স্লোগান, সকল সমস্যার সমাধান হাসিনা সরকারের অবসান।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারলে এই নোট চোর ও ভোট চোর এর বিচার করা যাবে। নোট চোর ও ভোট চোর এর চামড়া হচ্ছে গন্ডারের চামড়ার মত। এইজন্যে সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এত সমালোচনা করে তারপরও তাদের কিছু হয় না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, মানে মানে কেটে পড়েন। আবহাওয়া আমাদের চেয়ে আপনারা বেশি বুঝেন। সরকারে আছেন, আবহাওয়া বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে। কখন যে ঝড়-ঝঞ্জা নেমে আসে! এটা থামানো শক্তি আপনাদের নেই। তার আগে মানে মানে কেটে পড়েন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতাকর্মীদেরকে মুক্ত করে দেন। না হলে আপনাদের কবল থেকে এই দেশকে কিভাবে রক্ষা করতে হয় এদেশের বিপ্লবী মানুষ তা জানে। আমরা এটা প্রমাণ করে দেবো।
মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ