একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, গুম খুন, ক্রসফায়ারসহ নানা ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার দেশকে মনুষ্য বসবাসে অযোগ্য করে ফেলেছে। তাই আমাদের তরুণরা আর দেশে থাকতে চাচ্ছেন না। সুযোগ পেলেই তারা পাড়ি জমাচ্ছেন বিদেশে। বিদেশে যারা পড়তে যান তারা আর দেশে ফিরতে চান না। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার।
আজ বুধবার রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় ইউনানি আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আগড্যাবের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জাহিদ হোসেন বলেন, একটি কার্যকর ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করছেন। এই রূপ রেখা দুর্নীতি ও দুঃশাসনের কারণে প্রায় অকার্যকর বাংলাদেশকে রক্ষা করতে পারে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এ নেতা বলেন, ‘আইনের শাসন না থাকায় এখন ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, এমন নির্দোষ মানুষকেও অপরাধী বানিয়ে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার করে কারান্তরীণ করা হচ্ছে, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। এমনকি হত্যা করা হচ্ছে। নওগাঁর সুলতানা জেসমিনকে রাস্তা থেকে র্যাব তুলে নেওয়ার পর পরিবারের কাছে লাশ ফেরত দেওয়া হয়েছে। কী দোষ ছিল জেসমিনের এখনো জানাতে পারেনি সরকার। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই আজ দেশে।’
বুধবার মিরপুরের একটি রেস্তোরাঁয় ইউনানি আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আলোচনা সভায় বক্তব্য দেন ডা. জাহিদ।
আগড্যাবের সভাপতি মির্জা লুৎফর রহমান লিটনের সভাপতিত্বে ও ডা. আমিনুল বারি কাননের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী।
আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. লুৎফর রহমান, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, অধ্যক্ষ ডা. আতাউর রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মামুন হাদান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হানিফ, এমট্যাবের মহাসচিব বিপ্লবউজ্জামান বিপ্লব, ডা. মিজানুর রহমান খান, ডা. মাসুদুল ইসলাম দুখু, ডা. আবদুল মজিদ, ডা. গোলাম হায়াত, ডা. মেহেদী জামান, ডা. সোহেল, এমট্যাবের হাফিজুর রহমান, ডা. আরিফুর রহমান ও ডা. মামুন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ