একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে সরকার : যুবদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে সরকার : যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। যতদিন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারব, ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন টুকু।

যুবদল সভাপতি টুকু বলেন, দেশে আজকে গণতন্ত্র নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই, বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকার নেই। কেউ যাতে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে, সেজন্য মিথ্যা-গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। তার মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সদস্য মিজানুর রহমান রাজসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ