একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘ইনশাআল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না।’
মঙ্গলবার সকালে নোয়াখালীর সেনবাগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ফারুক বলেন, ‘আমরা আপনাকে পছন্দ করি। তবে, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কেননা, যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে।’
তিনি বলেন, ‘যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার পরিণামে পেয়েছেন ফাঁসি। ২০১৪ সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনে অংশ না নিতো, তখন একমাত্র আল্লাহ ছাড়া কারও শক্তি ছিল না ওই নির্বাচন করার। হুসেইন মুহম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালে সিটে বসে বিনা ভোটে এমপি হছেন। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পঁচিয়ে দিয়েছে।’
একটি পক্ষ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না।’
জনতার আওয়াজ/আ আ