একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরী সহকারে আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।

ফখরুল জানান, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়গুলোতে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। উত্তোলন করা হবে কালো পতাকা। সেদিন ভোর ৬টা ১৫ মিনিটে দলের নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হবেন। কালো ব্যাজ পরে প্রভাতফেরী করে প্রথমে শহীদদের কবর জিয়ারত করবেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপি মহাসচিব জানান, সারা দেশে নেতাকর্মীদের মহানগর, জেলা, উপজেলা ও থানা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলনসহ স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় আরও ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ