এক বিভৎস দুঃস্বপ্নের নাম ছাত্রলীগ: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ১০:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ১০:২২ অপরাহ্ণ

‘এক বিভৎস দুঃস্বপ্নের নাম ছাত্রলীগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (২৩ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘আজ বিকেল ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলা করেছে ছাত্রলীগের দুস্কৃতিকারীরা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার বাড়ি থেকে ঢাকা ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই কাপুরুষোচিত হামলা চালায়। হামলায় গাড়ী চালকসহ ছাত্রদলের ১০ জন নেতা আহত হয়েছে। তারা এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর সাইফ মাহমুদ জুয়েলের অবস্থা শোচনীয়।
তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ এবং গোপালদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাউসীফ ধারালো অস্ত্র দিয়ে সাইফ মাহমুদ জুয়েলকে গুরুতর আহত করার পর পাশেই আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
বিএনপির এই মুখপাত্র বলেন, আ’লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো রাজনৈতিক দল নয়, বরং রক্তের নেশায় ছুটে বেড়ানো উন্মার্গগামীদের সিন্ডিকেট। শেখ হাসিনা এতই আসকারা দিয়েছে যে এরা আইন-কানুন, নিয়ম-নীতি, মানুষের জীবন-জীবিকা কোন কিছুকেই তোয়াক্কা করছে না। লুট-দাঙ্গা, হত্যা, ধ্বংস আর রক্তাক্ত উন্মাদনায় বুঁদ হয়ে আছে। শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ-যুবলীগের কারণেই দেশে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এক বিভৎস দুঃস্বপ্নের নাম ছাত্রলীগ।
রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষার উৎকর্ষতা, সভ্য সমাজ নির্মাণ বিশ্বাস করেন না বলেই রাষ্ট্র সমাজের সর্বত্রই দানবীয় শক্তির প্রয়োগ দ্বারা অন্তহীন শুণ্যতার সৃষ্টি করেছেন। এই অবৈধ সরকার আইনের শাসনের মর্মান্তিক দুর্গতি ঘটিয়ে প্রত্যক্ষ মদদ দিয়ে আইন আদালতকে নির্মম প্রবঞ্চনা ও কপটতার প্রতীক হিসেবে তৈরি করেছে। রক্তপিপাসু ছাত্রলীগ-যুবলীগ শেখ হাসিনার দম্ভের বিকৃত প্রকাশ।
তিনি বলেন, বিএনপির গণসমাবেশে নজীরবিহীন মানুষের উপস্থিতিতে আওয়ামী সরকার দিশেহারা হয়ে অবৈধ অস্ত্র হাতে তুলে দিয়ে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ-যুবলীগকে। এরাই দেশকে বিপজ্জনক চোরা গর্তের মধ্যে ঠেলে দিচ্ছে। এরাই বুয়েটের মেধাবী ছাত্রের জীবন কেড়ে নিয়েছে। ক’দিন আগে নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা অনিককে হত্যা, শ্রমিক কিশোর বিশ্বজিৎসহ গত ১৪ বছরে শিক্ষাঙ্গনে অসংখ্য তরুণের জীবন কেড়ে নিয়েছে। এদের কারণেই মানবতার অস্তিত্ব এখন ঝুঁকির মধ্যে।
তিনি আরও বলেন, ছাত্রদলের সভাপতি শ্রাবণ এবং সাধারণ সম্পাদক জুয়েলসহ ছাত্রদলের নেতাদের ছাত্রলীগ-যুবলীগের পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ