এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সুসময়ে যারা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) এসেছেন, তাদের সাবধান করে দিয়ে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাইন হল মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এই হুশিয়ারি দেন।

সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম–পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা–কর্মী যাঁরা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি—এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই। আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।’

নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আরেক ধরনের নেতা–কর্মী রয়েছে, যারা হচ্ছে তেলবাজ ও সেলফিবাজ। এদের কোনো প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না। ওদেরকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় না। নেতার পেছনে পেছনে ঘোরে। একটা সেলফি তুলে ফেসবুকে সেলফি–বাণিজ্য করে। প্রশাসনে প্রশাসনে ছবি–বাণিজ্য করে। এদের প্রতিহত করবেন। আগে নিজের ঘর ঠিক করতে হবে। নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব তেলবাজ।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, ময়মনসিংহে শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান প্রমুখ।

এর আগে এনসিপি নেতা–কর্মীরা সভাস্থলের পাশের একটি হোটেলে বিকেল চারটায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে সভায় যোগ দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গা ও সভামঞ্চের আশপাশে সাড়ে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া র‍্যাব সদস্যরাও ছিলেন মাঠে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ