এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশস্থলে ছাত্ররা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। তারা “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার”, “কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার”, “গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব দাও”, “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখব না”, “আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই” ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত রহমান, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্যসচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ ও আবু হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসনের অবহেলার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এমন হামলার সাহস দেখিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকাল (১৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরায় আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
জনতার আওয়াজ/আ আ