এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১২, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১২, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার (১২ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘দেশের মানুষ যখন আন্দোলনরত ছিলেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, যারা কথা বলেছেন, এই আন্দোলনকে সফল করেছেন, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে তাদের বিরুদ্ধে এই নতুন দল যেন এমন কোন গোলমাল শুরু না করে যার ফলে নির্বাচনকে বিলম্বিত করা হয়… এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে।”

‘‘ তাই আমাদের দল বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া উচিত।”

‘নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে’ উল্লেখ করে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘‘ সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই… আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিলো, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।”

‘‘ যেখানে মৃত ব্যক্তির ভোট নয়… বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশ গ্রহণ করে সরকার গঠন করতে পারে এবং সংসদ গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে।”

তিনি বলেন, ‘‘ এই মুহূর্তে দরকার বাংলাদেশে একটি নির্বাচন, যেই নির্বাচন হলে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেবো। সেই ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে (মুহাম্মদ ইউনুস) মসনদে বসানো হয়েছে।”

‘‘ তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিলো তারেক রহমানের নেতৃত্বে তাদের দাবি দ্রুত নির্বাচন দিন। আমরা অনুরোধ জানাব, এই ফ্যাসিস্টদের যদি বিচার করতে হয়, তাদের সকল অপকর্ম তুলে ধরতে হয় এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। আহ্বান জানান, আর বিলম্ব নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।”

গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারাদেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়।

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ