এপ্রিলে এলো দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এপ্রিলে এলো দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্য সমাপ্ত এপ্রিল মাসে। এ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৫০ কোটি টাকারও বেশি। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটিরও বেশি ডলার।

রবিবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে, ৩.২৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এপ্রিল মাসে মার্চের তুলনায় আয় কিছুটা কমলেও, এটি এখনও দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৫ কোটি ডলার। ফলে এ বছরের এপ্রিল মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ডলার বেশি এসেছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৪৫৩ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০৯ কোটি ডলার বেশি। গত অর্থবছরের এই সময়ে আয় ছিল দুই হাজার ৪৪ কোটি ডলার।

রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারায় একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। গত ডিসেম্বরে ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্সের রেকর্ড ভেঙে গত মার্চে তৈরি হয় নতুন ইতিহাস। আর চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৯ মাস রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এর পরের মাস আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার ও মার্চে মার্চে এলো ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা। আর সবশেষ এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে দেশে দীর্ঘদিন ধরেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে এবার তা ২৭ বিলিয়ন ছাড়িয়েছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে রিজার্ভের পরিমাণ বাড়তে থাকে। প্রবাসী আয়ের ইতিবাচক ধারায়সেই রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

গত ৩০ এপ্রিল পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২১ বিলিয়নে নেমে যায় বিপিএম-৬ রিজার্ভ। এরপর ধারাবাহিক কমে ১৮ বিলিয়নে নামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থপাচার কমে আসায় রিজার্ভ বাড়তে শুরু করে। ধীরগতিতে বেড়ে ১৯ মাস পর ২২ বিলিয়ন অতিক্রম করল রিজার্ভ। আর মোট রিজার্ভ ছাড়ায় ২৭ বিলিয়ন ডলার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ