এবার জয়াকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শমীক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত নিপীড়নের অভিযোগ তুলে ঢাকার অভিনেত্রী জয়া আহসানকে প্রকাশ্যেই বিঁধেছেন ভারতের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘একবারও কি বলছেন, বাংলাদেশে যা হচ্ছে তা অন্যায়?’
সম্প্রতি মুক্তি পাওয়া অনিরুদ্ধ রায়চৌধুরীর বাংলা সিনেমা ‘ডিয়ার মা’–এর প্রচারে অংশ নিতে কয়েক দিন ধরে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তাকে অংশ নিতে দেখা গেছে। এই প্রেক্ষাপটেই বিজেপি নেতার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। মঞ্চ আলো করে, বড় মাপের তারকা। তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, ও পারে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, তা অন্যায়?’
তার এই বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে জয়া আহসানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনতার আওয়াজ/আ আ