এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এক দফা দাবিতে আগামী সোমবার (৩১ জুলাই) নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আগামী ৩১ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কবে নাগাদ এক দফা সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে এমন প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, ‘আগামী দুই-একদিনের মধ্যেই’।

এর আগে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মত চেপে বসা অবৈধ সরকারের পদত্যাগ, অনির্বাচিত জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপিসহ দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ডাকা আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বানচাল করার জন্য সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্বপ্রাপ্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো এবং দলীয় সন্ত্রাসীদের অন্যায় ও বেআইনিভাবে জনগণের বিরুদ্ধে নামিয়ে রাজধানী ঢাকায় যে তাণ্ডব চালিয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিনা উস্কানিতে প্রতিবাদী জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি, টিয়ারগ্যাস চালানো এবং সশস্ত্র আক্রমণ মিডিয়া ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেখে দেশ-বিদেশের জনগণ এই স্বৈরাচারী সরকারের অবৈধ ক্ষমতা জোর করে ধরে রাখার বীভৎস অপপ্রয়াস দেখে স্থম্ভিত হয়েছে। তাদের নির্মম আক্রোশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় মাথায় মারাত্মক রক্তক্ষরণ, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানসহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়া এবং অগণিত নেতাকর্মীকে নির্বিচারে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে যে, ক্ষমতালোভী এই সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নন।’

মির্জা ফখরুল বলেন, ‘জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী এই সরকার আজ জনগণের শুধুই ঘৃণা ও ধিক্কার পাওয়ার যোগ্য। আজ সকাল থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত গণতন্ত্রকামী নেতা-কর্মীদের মধ্যে আহত ও গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সরকারী এবং সরকার দলীয় বাহিনীর বেআইনি ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেয়ার ক্ষমতা জনগণের রয়েছে কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্চিত ও মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হলো আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয় জনগণ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা। কিন্তু নিশিরাতের অবৈধ সরকারের ভুলে যাওয়া উচিত নয় যে, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, জীবন দিয়েছি গণতন্ত্র পুনঃরুদ্ধারের জন্যও। গত ১৪ বছর আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী। নির্যাতিত হয়েছেন কয়েক হাজার। মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন লাখো নেতাকর্মী। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা। কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে। আশা করি সরকার সেটা মনে রাখবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জেনেছি যে, মাতুয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার ও ভাংচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালানো হচ্ছে। অথচ পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেড়িয়েছে যে, পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে চলে গেছে। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপর দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের পরামর্শ দিচ্ছি।’

‘আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু ৩১ জুলাই সোমবার সারাদেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসাবে পালনের কথা ভেবেছিলাম কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সারকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মত একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ