এরিককে ‘উদ্ধারের’ জন্যপ্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এরিককে ‘উদ্ধারের’ জন্যপ্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিকের হাত থেকে তার ছেলে শাহতা জারাব এরশাদ এরিককে ‘উদ্ধারের’ জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিককে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যায়িত করে তিনি এ আহ্বান জানান।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এ সময় ট্রাস্টের সদস্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চাচাতো ভাই শামসু জামান মুকুল, ফখরুজ্জামান জাহাঙ্গীর ও অ্যাডভোকেট কাজী রোবায়েত হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেসিডেন্ট পার্কে বিদিশার প্রবেশের সময় এরিকের বয়স ছিল ১৮ বছর। বর্তমানে তার বয়স ২২ বছর। এরিক শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ এবং সামর্থ্যবান মানুষ। সে কারণে তিনি নিজেই এখন আর বিদিশা সিদ্দিক গংয়ের নিয়ন্ত্রণে থাকতে রাজি নন। এ ধরনের নানা তথ্য এরই মধ্যে অডিও-ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে।

নিরাপত্তার স্বার্থে ট্রাস্টের বিধিনিষেধ থাকা সত্ত্বেও গত ২৭ অক্টোবর এরশাদপুত্র এরিককে ওমরাহ পালনের উদ্দেশ্যে জোরপূর্বক বিদেশ ভ্রমণে নেওয়া হয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগে বিদিশা ও তার আশীর্বাদপুষ্ট কতিপয় লোকজনের খপ্পর থেকে মুক্তি পেতে আবেদন জানিয়ে এরিকের টেলিফোন আলাপ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপরই ট্রাস্টের সঙ্গে প্রেসিডেন্ট পার্কের দূরত্ব তৈরি হয়। বিদিশার পক্ষ থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয় বিভ্রান্তমূলক তথ্য। মিথ্যার আশ্রয় নিয়ে দেওয়া হয় নানা ধরনের সংবাদ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ট্রাস্টের বিধিবিধান না মেনে সৌদি সফরের দিন (২৭ অক্টোবর) এরিক এরশাদকে দিয়ে অনৈতিকভাবে ট্রাস্টের নতুন চেয়ারম্যান ও কয়েকজন সদস্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। অনৈতিকভাবে এরিককে দিয়ে আমি কাজী মামুনুর রশীদসহ অন্য সদস্যদের অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় বিদিশা গং। এরপর সৌদিফেরত এরিক এরশাদের খোঁজখবর নিতে গত ৫ নভেম্বর ট্রাস্ট সদস্যরা প্রেসিডেন্ট পার্কে গেলে বিদিশা অসৌজন্যমূলক আচরণ করেন। এর পর থেকেই ট্রাস্টের পক্ষে এরিকের জন্য মাসিক খরচ সরবরাহ ব্যাহত হতে থাকে। এমনকি ট্রাস্টের নিয়োগকৃত বেতনভুক্ত স্টাফদের প্রেসিডেন্ট পার্কে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ অবস্থায় এরিকের ভরণপোষণে অচলাবস্থা দেখা দেয়। তার নিরাপত্তায়ও দেখা অনিশ্চয়তা। সম্প্রতি হঠাৎ করে মাসিক খরচ পরিশোধে ব্যবস্থা নিতে ট্রাস্টের চেয়ারম্যানসহ সদস্যদের উকিল নোটিশ দেওয়া হয়। এসবের পেছনে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশকারী বিদিশা সিদ্দিক ও তার আশীর্বাদপুষ্ট লোকজনের কী হীন উদ্দেশ্য রয়েছে, তা তদন্তের আহ্বান করছি।

সংবাদ সম্মেলনে ট্রাস্টের ব্যাখ্যা দিয়ে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান শাহতা জারাব এরশাদ এরিকের ভবিষ্যতের কথা চিন্তা করে হুসেইন মুহম্মদ এরশাদ নিজ হাতে গড়ে তোলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। তিনি নিজে ট্রাস্টের চেয়ারম্যান হন। সে সময়ে ট্রাস্ট পরিচালনায় তিনজন সাধারণ সদস্য করে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। শাহতা জারাব এরশাদ এরিককে ট্রাস্টের সুবিধাভোগী সদস্য করা হয়। সে সময় যে তিনজন সাধারণ সদস্য করা হয়, তারা হলেন অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, মো. জাহাঙ্গীর আলম ও শামসুজ্জামান মুকুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ