এ সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই : দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ যদি আর একটা নির্বাচন যেনতেনভাবে রাত ১২টায় করতে পারে তাহলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে।তাই এই সরকারকে সরাতে হবে। এ সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই। শুক্রবার (৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মিলনায়তনে জিয়া প্রজন্মদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের মধ্যে যেকোনো সময়, শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন সময়ের চেয়ে শহীদ জিয়ার সময় ছিল স্বর্ণযুগ। বেগম খালেদা জিয়ার সময় ছিল তার চেয়ে উপরে। এখন চালের দাম কত ৬০ থেকে ৭০ টাকা বেগম জিয়ার সময় ছিল ১৪ থেকে ১৬ টাকা। সারের মূল্য এখন যা তার চেয়ে তিনগুণ কম ছিল। মানুষ তখন শান্তিতে ছিল। প্রথম আলোসহ কয়েকটি পত্রিকা গণতন্ত্রের নামে ওয়ান ইলেভেন নিয়ে এসেছিল। তার শিরোমণি ছিলেন শেখ হাসিনা। তাকে ক্ষমতায় আনার জন্য তারা (সেসব পত্রিকা) কাজ করেছিল। সেই শেখ হাসিনা এখন প্রথম আলোর উপর খরগহস্ত। মাহফুজ আনামের উপর খরগহস্ত। অর্থাৎ অতীতে যে স্বর্ণযুগ আমরা পেয়েছি তা আমরা পদদলিত করেছি।
তিনি বলেন, যিনি ১৪ থেকে ১৬ টাকা দরে চাল খাইয়েছে তাকে প্রায় পাঁচ বছর যাবত বন্দি করে রেখেছে। আর যিনি ৬০ থেকে ৭০ টাকা দরে চাল খাওয়াচ্ছে তাকে আমরা উন্নয়নের শিরোমণি বলি। বেগম জিয়ার আমলে ব্যাংক ডাকাতি হয়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়নি। এ সরকারের আমলা হচ্ছে।
তিনি আরও বলেন, কেউ এমনি এমনি জায়গা ছেড়ে দেয় না। ইয়াহিয়া খান, আইয়ুব খান, এরশাদ ক্ষমতা ছাড়েনি। বর্তমান কর্তৃতবাদী সরকার ক্ষমতা ছাড়বে এটা মনে করলে হবে না। এই কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে কঠোর আন্দোলন ছাড়া অন্য কোন পথ নেই।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা জিয়াউর রহমানের আমলে দেশে এসেছেন। তার আগে তার বাবা-মা-ভাইসহ পরিবার নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিল। জিয়াউর রহমান তাকে দেশে এনে তার সব সম্পত্তি দিয়েছে। তিনি বিএনপির আমলে সহিহ-সালামতে দেশে এসেছেন এবং থেকেছেন। আর শেখ হাসিনার আমলে জিয়া পরিবার সহিহ-সালামতে দূরে থাক জেলখানা আর নির্বাসনে রয়েছে।
তিনি বলেন, যদি আর একটা নির্বাচন তারা (আওয়ামী লীগ) যেনতেনভাবে রাত ১২টায় করতে পারে তাহলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। তাই এই সরকারকে সরাতে হবে। এ সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সংগঠনের মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল, যুগ্ম মহাসচিব সোমা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ